গ্রিন টির প্রমাণিত ১০টি স্বাস্থ্য উপকারিতা

গ্রিন টির প্রমাণিত ১০টি স্বাস্থ্য উপকারিতা

গ্রিন টি এখন শুধু ডায়েটের পানীয় নয়, বরং পৃথিবীর অন্যতম স্বাস্থ্যসম্মত পানীয় হিসেবে পরিচিত। এতে রয়েছে এমন সব উপাদান যা দেহ কোষকে সুরক্ষা দেয়, মনোযোগ বাড়ায়, চর্বি কমায় এমনকি কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে।

গ্রিন টির ১০টি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা হলো—

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: গ্রিন টিতে থাকে ক্যাটেচিন নামের এক ধরনের পলিফেনল, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটেচিন হলো ইপিগ্যালোক্যাটেচিন-৩-গ্যালেট (EGCG)। এটি কোষের ক্ষয় রোধ করে এবং শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়: গ্রিন টিতে থাকা ক্যাফেইন এবং এল-থিয়ানিন (L-theanine) মস্তিষ্কের সতর্কতা, মনোযোগ ও মেজাজ উন্নত করে। একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত গ্রিন টি পান করলে মধ্যবয়সী ও বয়স্কদের মানসিক অবনতি বা স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি ৬০%–এর বেশি কমে যেতে পারে।

চর্বি পোড়াতে সাহায্য করে: গ্রিন টি মেটাবলিজম বাড়িয়ে শরীরের চর্বি ভাঙতে সহায়তা করে। বিশেষ করে ব্যায়ামের সঙ্গে নিয়মিত গ্রিন টি পান করলে ফল আরও ভালো হয়। তবে এটি ওজন কমানোর যাদুকরী সমাধান নয়—বরং সহায়ক উপাদান হিসেবে কাজ করে।

কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে: গবেষণায় দেখা গেছে, গ্রিন টি পান করলে ফুসফুস, ওভারি বা কোলন ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমে। তবে এখনো এ বিষয়ে গবেষণা চলছে। এটি ক্যান্সারের প্রতিষেধক নয় বরং সুরক্ষায় সহায়ক।

মস্তিষ্ককে বার্ধক্য থেকে সুরক্ষা দেয়: গ্রিন টিতে থাকা EGCG ও L-theanine যৌগ দুটি মস্তিষ্কের কোষে প্রদাহ ও ক্ষয় কমায়, ফলে আলঝেইমারস বা ডিমেনশিয়ার ঝুঁকি হ্রাস পায়। তবে অতিরিক্ত (১০ কাপের বেশি) গ্রিন টি পান করলে উল্টো নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মুখ দাঁতের স্বাস্থ্য ভালো রাখে: গ্রিন টিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের জীবাণু ধ্বংস করে ও দুর্গন্ধ কমায়। নিয়মিত পান করলে দাঁতের ক্ষয়, মাড়ির ইনফেকশন ও মুখের আলসারের ঝুঁকি কমে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে: গ্রিন টি রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে, বিশেষ করে টাইপ–২ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন গ্রিন টি পান করেন, তাদের ডায়াবেটিসজনিত মৃত্যুর ঝুঁকি ১০% পর্যন্ত কম।

হৃদরোগের ঝুঁকি কমায়: গ্রিন টি রক্তচাপ, কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমিয়ে হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়। যদিও দীর্ঘমেয়াদী মানব গবেষণা এখনো চলছে‌। তবে প্রমাণ পাওয়া গেছে—নিয়মিত গ্রিন টি পান হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

ওজন কমাতে সহায়ক: একাধিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৪ কাপ বা তার বেশি গ্রিন টি পান করলে বিশেষ করে নারীদের পেটের মেদ কিছুটা কমতে পারে। তবে এটি ক্ষুধা বা তৃপ্তির হরমোনে তেমন প্রভাব ফেলে না। তাই খাদ্যাভ্যাস ও ব্যায়ামের সঙ্গে একত্রে নিতে হয়।

আয়ু বাড়াতে সহায়ক হতে পারে: জাপানের এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন ৫ কাপ বা তার বেশি গ্রিন টি পান করেন, তাদের মৃত্যুহার ৬০% পর্যন্ত কম। এটি হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধের মাধ্যমে দীর্ঘায়ুতে ভূমিকা রাখতে পারে।

সাধারণ প্রশ্নোত্তর

১. প্রতিদিন গ্রিন টি খাওয়া নিরাপদ কি?

- হ্যাঁ, দিনে ৩–৫ কাপ গ্রিন টি খাওয়া বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ ও উপকারী। তবে এতে ক্যাফেইন থাকে বলে ১০ কাপের বেশি পান করা ঠিক নয়।

২. গ্রিন টি আসলে শরীরে কী কাজ করে?

- এটি কোষের ক্ষয় রোধ করে, প্রদাহ কমায়, মস্তিষ্ক সক্রিয় রাখে এবং হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়।

৩. গ্রিন টি কি পেটের মেদ কমায়?

- কিছু প্রমাণ পাওয়া গেছে যে এটি চর্বি পোড়াতে সাহায্য করে, তবে শুধু গ্রিন টি খেয়েই ওজন কমবে—এমন ভাবা ভুল।

সারসংক্ষেপ

গ্রিন টি কোনো জাদু নয়, বরং একধরনের স্বাস্থ্যবান অভ্যাস। প্রতিদিন সকালে বা বিকেলে এক কাপ গ্রিন টি আপনার শরীর ও মন—দুটোকেই সতেজ রাখবে। সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম আর পর্যাপ্ত বিশ্রামের সঙ্গে এটি জীবনধারার অংশ বানালে ফল মিলবে নিশ্চিতভাবে। (বিদেশি স্বাস্থ্য বিষয়ক জার্নাল থেকে অনূদিত)

সর্দি-কাশিতে দারুন উপকারী গাজরের পানি পরবর্তী

সর্দি-কাশিতে দারুন উপকারী গাজরের পানি

কমেন্ট