মস্তিষ্ক, স্নায়ু ও স্নায়ুতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের (নিনস) নতুন পরিচালক হলেন অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু)।
শনিবার (১৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। এর আগে তিনি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর।
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানকে (কোড: ৪৩৩৮২), পরিচালক কাম অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকায় পদায়ন করা হয়েছে।’ রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু) কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং ১৯৯৭ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে তিনি নিউরো সার্জারিতে সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স ইন সার্জারি (এমএস) অর্জন করেন। তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং ভারতের একাধিক হাসপাতালে ফেলোশিপ প্রশিক্ষণ নিয়েছেন।
অধ্যাপক ডা. নুরুজ্জামান খানকে বাংলাদেশে এন্ডোস্কপিক স্পাইন সার্জারির প্রবর্তক বলা হয়। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। দেশে ও বিদেশে তিনি অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ এবং লাইফ সার্জারিতে অংশগ্রহণ করেছেন এবং তাঁর উল্লেখযোগ্য সংখ্যক 'বৈজ্ঞানিক প্রবন্ধ' বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে তিনি স্বাস্থ্য বিষয়ক নিবন্ধন লিখেন এবং টকশোতে অংশগ্রহণ করেন।
ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে তিনি ১৯৯৪-৯৫ সেশনে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন। কিন্তু সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৭ বছর তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন।
বর্তমানে অধ্যাপক নুরুজ্জামান খসরু বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন্সের সদস্য সচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ন্যাশনাল নিউরোসায়েন্সেস হাসপাতালকে তিনি অনন্য উচ্চতায় পৌঁছাতে চান। এখানকার চিকিৎসা যেন আন্তর্জাতিক মানের হয় এবং আরো বহু মানুষ যেন চিকিৎসা পায় এই বিষয়টিতে তিনি জোর দেবেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
কমেন্ট