'অ্যাজমা আক্রান্ত প্রতিটি রোগীকে ইনহেলার নিশ্চিত করতে হবে'

'অ্যাজমা আক্রান্ত প্রতিটি রোগীকে ইনহেলার নিশ্চিত করতে হবে'

শ্বাসনালির দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ অ্যাজমা বা হাঁপানি। দিন দিন বাড়ছে এই রোগটির ব্যাপকতা। শিশুসহ যেকোনো বয়সী নারী-পুরুষ এতে আক্রান্ত হতে পারে। তবে অ্যাজমা সারা জীবনের রোগ হলেও সঠিক ও নিয়মিত চিকিৎসায় একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর মূল চিকিৎসা ইনহেলার যা প্রতিটি অ্যাজমা রোগীকে দেওয়া জরুরী।

রবিবার (৩ মে) বিশ্ব অ্যাজমা দিবস-২০২৬ উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল, ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এবার বিশ্ব অ্যাজমা দিবসের প্রতিপাদ্য— 'অ্যাজমা আক্রান্ত প্রত্যেক রোগীর জন্য ইনহেলার নিশ্চিত করা জরুরী'।

হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) পরিচালক ডা. কাজী সাইফুদ্দীন বেননূর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এভারকেয়ার হসপিটালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. এস এম আবদুল্লাহ আল মামুন ও এআইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জিয়াউল হক। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে অ্যারিস্টোফার্মা। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি, অক্সিজেন থেরাপি ও ইনহেলেশনাল টেকনিক বিষয়ক কর্মশালা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধে ডা. এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণ বিশ্বব্যাপী অ্যাজমা রোগীর সংখ্যা ও তীব্রতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। বায়ুতে ক্ষতিকর কণিকা, ধূলা, ধোঁয়া ও রাসায়নিক দূষণের মাত্রা বাড়ার ফলে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে।

তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের বায়ুদূষণ নিয়ন্ত্রণ, সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য সহজলভ্য ও কার্যকর উন্নত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ডা. সাইফুদ্দীন বেননূর বলেন, প্রতি তিন সেকেন্ডে আমরা সহজেই নিঃশ্বাস গ্রহণ করি এবং শ্বাস ছাড়ি। কিন্তু একজন অ্যাজমা আক্রান্ত রোগী সহজে এটা পারেন না। তাদের জন্য তা ভয়াবহ কষ্টকর পরিস্থিতি।

ডা. আরিফ মাহমুদ বলেন, অ‌্যাজমা একটি নিয়ন্ত্রণযোগ্য দীর্ঘমেয়াদি রোগ হলেও অনেক রোগী এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন। তাই, সব অ্যাজমা রোগীর জন্য ইনহেলার নিশ্চিত করা জরুরি।

 

গুজবে কান না দিয়ে আপনার শিশুকে টিকা দিন: পানি সম্পদ প্রতিমন্ত্রী পরবর্তী

গুজবে কান না দিয়ে আপনার শিশুকে টিকা দিন: পানি সম্পদ প্রতিমন্ত্রী

কমেন্ট