দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন অনুষ্ঠিত

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন ২০২৬। গত ২৯ ও ৩০ মার্চ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে দেশি-বিদেশি খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। 

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. ডি এম এম ফারুক ওসমানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন এবং হৃদরোগ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. এ এফ খাবিরউদ্দিন।

সম্মেলনে আন্তর্জাতিক অঙ্গনের বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা আধুনিক হৃদরোগ চিকিৎসা, হৃদযন্ত্রের কার্যকারিতা মূল্যায়ন, উন্নত চিকিৎসা পদ্ধতি এবং যন্ত্রভিত্তিক চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। পাশাপাশি প্রাক-সম্মেলন কর্মশালায় প্রমাণভিত্তিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালিত হয়।

দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক অধিবেশনগুলোতে হৃদযন্ত্রের দুর্বলতা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন—রোগের ধরন, নির্ণয় পদ্ধতি, চিত্রায়ণ প্রযুক্তি, যন্ত্রভিত্তিক চিকিৎসা এবং শল্যচিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ সম্মেলনটিকে একটি উচ্চমানের বৈজ্ঞানিক প্ল্যাটফর্মে পরিণত করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন দেশে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক ইমেজিংয়ের মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

অভিজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পায়, সে লক্ষ্যে আপনাদের মতো দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। তাহলে রোগীরাই চিকিৎসার জন্য আপনাদের কাছে ভিড় করবে এবং এতে আপনারাও গর্বিত বোধ করবেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত গৌরবের।

তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুব কঠিন পথে আছি। এদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি প্রধানত চিকিৎসকদের সহযোগিতা ছাড়া দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব নয়।’

তিনি আরও বলেন, সরকার এমন একটি স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পাবে। 

 

দেশে মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে পরবর্তী

দেশে মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে

কমেন্ট