দেশে মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে

দেশে মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে

বিশ্বব্যাপী মার্চ মাস ‘Myeloma Action Month’ হিসেবে পালিত হওয়ার অংশ হিসেবে রাজধানীতে মাল্টিপল মায়েলোমা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ। সভাপতিত্ব করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, বৈজ্ঞানিক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলামসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট হেমাটোলজিস্ট, রেসিডেন্ট চিকিৎসক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মোছাব্বির।

কর্মশালায় মাল্টিপল মায়েলোমা রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী রোগ ব্যবস্থাপনা, দ্রুত শনাক্তকরণ, অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর চিকিৎসা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞরা জানান, সময়মতো রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করা গেলে এই রোগীদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব।

অনুষ্ঠানে প্যানেল আলোচনার পাশাপাশি বৈজ্ঞানিক জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বক্তারা মাল্টিপল মায়েলোমা রোগের চিকিৎসা ব্যয় কমানো, সবার জন্য সমান চিকিৎসা নিশ্চিত করা এবং রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ বলেন, দেশে মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এ ধরনের কর্মশালার মাধ্যমে চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসা বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে, যা রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিকডু'র নতুন পরিচালক হলেন রাশেদ আনোয়ার পরবর্তী

নিকডু'র নতুন পরিচালক হলেন রাশেদ আনোয়ার

কমেন্ট