যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, তারা মনোযোগ দিয়ে পড়ুন

যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, তারা মনোযোগ দিয়ে পড়ুন

ডা. সাইফুদ্দিন একরাম, অস্ট্রেলিয়া থেকে

ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেটফরমিন আমাদের খুব পরিচিত এবং কার্যকর একটি ওষুধ। কিন্তু চুপিসারে এর একটি পার্শ্বপ্রতিক্রিয়া অনেক সময় নজর এড়িয়ে যায়। আর সেটি হলো ভিটামিন B12 এর ঘাটতি।
মেটফরমিন শরীরে ভিটামিন B12 শোষণকে কমিয়ে দেয়, বিশেষ করে টার্মিনাল আইলিয়াম থেকে। এ প্রভাবটা একদিনে বোঝা যায় না, বরং দীর্ঘমেয়াদি ব্যবহারে ধীরে ধীরে জমা হতে থাকে। সাধারণত: তিন থেকে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে মেটফরমিন ব্যবহার করলে ঝুঁকি স্পষ্টভাবে বেড়ে যায়।

ফল কি হতে পারে?
প্রথমত, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে রক্তে লোহিত কণিকার স্বাভাবিক গঠন ব্যাহত হয়। রোগী ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা অনুভব করতে পারেন।

দ্বিতীয়ত, পেরিফেরাল নিউরোপ্যাথি, হাত-পায়ে ঝিনঝিন ভাব, অবশ অনুভূতি বা জ্বালাপোড়া। সমস্যাটা আরও জটিল হয় যখন এটি ডায়াবেটিক নিউরোপ্যাথির সঙ্গে মিশে যায়। তখন উপসর্গগুলোকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।

এ কারণে অনেক সময় রোগীরা ভাবেন, ডায়াবেটিসের জন্যই হচ্ছে। কিন্তু পেছনে লুকিয়ে থাকে B12-এর ঘাটতি।

করণীয় কি?

- যারা দীর্ঘদিন মেটফরমিন ব্যবহার করছেন, তাদের নিয়মিত ভিটামিন B12 পরীক্ষা করা উচিত।
- ঘাটতি থাকলে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী B12 সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে।
- অকারণে উপসর্গগুলোকে অবহেলা না করে দ্রুত মূল্যায়ন করা জরুরি।

মেটফরমিন বন্ধ করা নয়, বরং সচেতনভাবে ব্যবহার করাই আসল বিষয়। কারণ, সঠিক মনিটরিং থাকলে এই ঝুঁকি খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
নিজের শরীরের ছোট ছোট সংকেতগুলোকে গুরুত্ব দিন। অনেক বড় সমস্যার শুরু সেখান থেকেই।

এই শীতে ত্বকের যত্নে যা করবেন 
পরবর্তী

এই শীতে ত্বকের যত্নে যা করবেন 

কমেন্ট